বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
‘নয়ি জিন্দেগী’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতন ভালো নেই। প্রায় চার শ সিনেমায় অভিনয় করা এই অভিনেতা সম্প্রতি হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন রয়েছেন। গত ২২ জুলাই তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে নিশ্চিত করেছেন রতন। অসুস্থ অবস্থায় চলচ্চিত্রের কেউ খোঁজ না নিলেও চিত্রনায়িকা রঞ্জিতা ও রুমানা ইসলাম মুক্তি নিয়মিত খোঁজ রাখছেন। সেইসঙ্গে আনোয়ারাকন্যা মুক্তি রতনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে এই অভিনেতা জানান।
তিনি বলেন, আল্লাহর রহমতে আগের থেকে এখন কিছুটা সুস্থ অনুভব করছি। এই খারাপ সময়ে আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মুক্তি। নিয়মিত খোঁজ খবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। রঞ্জিতা সহযোগিতা করতে না পারলেও খোঁজ রাখছে। তবে আমার অসুস্থতার খবরে চলচ্চিত্রের আর কোনো মানুষ খোঁজ নেয়নি। অথচ আমি প্রায় ৪০০ সিনেমায় কাজ করেছি। দীর্ঘ ক্যারিয়ারে এত মানুষের সাথে কাজ করেছি কিন্তু কেউ খোঁজও নেয়নি। গুটি কয়েক মানুষ ছাড়া চলচ্চিত্রের অধিকাংশই স্বার্থপর। খুব কষ্টে আজ কথাগুলো বলতে হলো৷
কয়েক দিন আগে হঠাৎ করেই তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ফাইটার রতন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং তার জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও, পর্দার পেছনের এই কর্মীদের অর্থনৈতিক অবস্থা বরাবরই অনিশ্চিত থাকে। রতনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ এই চিকিৎসার বিশাল খরচের বোঝা বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ে। একদিকে হাসপাতালের আইসিইউর ক্রমবর্ধমান বিল, অন্যদিকে ওষুধের খরচ—সব মিলিয়ে এক চরম দিশেহারা পরিস্থিতির মুখোমুখি হয় রতনের পরিবার।
রতনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জানিয়ে মুক্তি বলেন, আমাদের জীবনটা শুধু নিজেদের জন্য নয়, আমাদের চারপাশে যারা আছেন, তাদের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। আমি সবসময় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের যে সামর্থ্য দিয়েছেন, তা কেবল নিজেদের সুন্দরভাবে রাখার জন্য নয়, বরং বিপদে অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চলচ্চিত্র শিল্প আমার পরিবার। এখানে ক্যামেরার সামনে যেমন আমরা কাজ করি, ক্যামেরার পেছনেও শত শত মানুষ দিনরাত পরিশ্রম করে একটি সিনেমা সফল করে তোলেন। ফাইটার রতন মামাসহ ইন্ডাস্ট্রির যেকোনো সহযোদ্ধা যখনই কোনো সংকটে পড়েন, তখন তাদের পাশে থাকাটা আমি আমার দায়িত্ব মনে করি।
রতন অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চোর, দাপট, নরম গরম, আপোষ, বিধাতা, আঞ্জুমান, সন্দী, মর্জিনা, গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, আমি ডন, রাজকপাল, আলতা বানু ইত্যাদি।
আরআর