Dhaka Mail Logo

বিনোদন

ব্রেইন সার্জারির পর কেউ পাশে নেই, দাবি ইবরার টিপুর

বিনোদন ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

বছর দুয়েক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। ক্যানসারের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই কয়েক দিন আগে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি কাছের মানুষের উদাসীনতা ও নিঃসঙ্গতা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সম্প্রতি এক আবেগঘন পোস্টে দীর্ঘ চিকিৎসা জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) ইবরার টিপু লেখেন, ‘আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ তুমি মাফ করো না। আমার সবচেয়ে কষ্ট— আমার বাবা নেই। মা থেকেও নেই। আসলে একজন এতিমের কেউ থাকে না। ২ বছর হাসপাতালের এত কষ্ট নিয়েছি আর কিছুই বলার নেই। বাসার খাওয়া তো নসিবে হবে না। সবাই ব্যস্ত। আমি হাসপাতালের আকাশে তাকিয়ে অপেক্ষায় থাকি কেউ যদি একটু হাসিমুখে কথা বলে। একটু সময় কেটে যায়। ব্রেইন সার্জারি হলো ৪ দিন। বউ, মেয়ে, ছেলে সবাই ব্যস্ত। ভালো থাকুক সবাই।’ যদিও পোস্টটি পরবর্তীতে তাঁর টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি।

ibraar

এদিকে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ইবরার টিপুর স্ত্রী, সংগীতশিল্পী বিন্দু কণা অপ্রয়োজনীয় ফোন বা মেসেজ না দেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, ‘দয়া করে আমাকে কেউ কল বা মেসেজ করবেন না। পারলে দোয়া করেন। না পারলে মনের আনন্দে কিছু একটা পোস্ট করেন। না হয় এসে সাহায্য করেন। আর তাও যদি না পারেন তাহলে দিন গোনেন। আল্লাহ যেন আপনাদেরও এমন একটা সময় পার করায়। মানুষ হন, আল্লাহ হেদায়েত দিক আপনাদের।’

বলে রাখা ভালো, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। ক্যানসারের চিকিৎসার মধ্যেই সম্প্রতি তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হলো।