বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
দেশের বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গেল ১৮ জুলাই আয়োজনের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত হয়ে যায়।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছিল, অনুষ্ঠানের অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। একই অনুষ্ঠানে সংগীত অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননাও প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবন থেকে জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হচ্ছে এই আয়োজন।
ইএইচ/