Dhaka Mail Logo

বিনোদন

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতি ঢুকিয়ে সুবিধা নেওয়া ঠিক না: সালমান 

বিনোদন ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চরম রূপ নিয়েছে। উত্তাল পরিস্থিতির মধ্যে এবার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সরব হয়েছেন বলিউড ভাইজান সালমান খান। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। একই সাথে হুঁশিয়ারি দেন আন্দোলন যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয়। 

তিনি লেখেন, ‘এটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। কিন্তু হঠাৎ করে যে হিংসাত্মক রূপ নিল তা দেখে খুব কষ্ট লাগছে। যাঁরা আহত হয়েছেন সে সব শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস বড় একটি সমস্যা। আমাদের দেশের সন্তানেরা উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য যেভাবে একতাবদ্ধ হয়েছে এবং তাদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন তা দেখে আমি সত্যি আনন্দিত।’

দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা

রাষ্ট্রের উচিত তরুণদের কথা শোনা: রাজকুমার রাও

সালমান আরও লেখেন, ‘শিক্ষার্থীদের পদক্ষেপকে মন থেকে প্রশংসা করছি। নিজেদের ভবিষ্যৎ এবং একটি সমৃদ্ধ, শিক্ষিত ভারত গড়ে তোলার জন্য তাদের নিষ্ঠা, সততা ও আগ্রহ প্রশংসনীয়। প্রতিবাদ এগোনোর সঠিক পথ হলো আন্দোলন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তা করেছে। ওরা সত্যি অনেক সাহসী। শিক্ষার আলোয় পথ চলা এ প্রজন্ম একদিন পুরো দেশকে গর্বিত করবে।’

সবশেষে তিনি লেখেন, ‘আন্দোলন কেবল শিক্ষার্থী আর শিক্ষা ব্যবস্থার ভেতরের ব্যাপার। এর মধ্যে রাজনীতি ঢুকিয়ে সুবিধা নেওয়া ঠিক নয়। এর সমস্ত ক্রেডিট শুধু আমাদের দেশের ছেলেমেয়েদের পাওয়া উচিত। আমার বিশ্বাস সরকার তাদের পাশে দাঁড়াবে। এবং একটা সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেবে। এতে দুই পক্ষেরই লাভ। আমি একটা ভালো সমাধানের আশা ও প্রার্থনা করছি। যারা শিক্ষিত হতে চাও, ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুন।’

ইএইচ/