বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে কয়েক হাজার পরিবার। বন্যাপীড়িত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
মূলত আগামীকাল ১৮ জুলাই শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই গুণী গায়িকাকে একটি বিশেষ সম্মাননা দেওয়ার কথা ছিল। তবে দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আয়োজনটি স্থগিত করে তা ২৪ জুলাই করা হয়েছে। এ অনুষ্ঠানে আগত শ্রোতাদের টিকিটের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে বন্যার্তদের মাঝে।
অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। দুর্গতদের পাশে দাঁড়াতে আগ্রহী শ্রোতারা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
একই অনুষ্ঠানে সংগীত অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননাও প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবন থেকে জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হচ্ছে এই আয়োজন।
এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা জানিয়েছেন।
ইএইচ/