Dhaka Mail Logo

বিনোদন

পরীমণির বিয়ের খরচের দায়িত্ব নিলাম: জয়

বিনোদন ডেস্ক

১৬ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

অধিকাংশ সময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন পরীমণি। গতকাল বুধবার দিবগত রাত থেকে তিনি আলোচনায় বিয়ে সংক্রান্ত ঘোষণা দিয়ে। এবার আলোচিত-সমালোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরীমণির বিয়ের সমস্ত খরচ দেওয়ার ঘোষণা দিলেন।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে জয় লেখেন, ‘নিজের একটা ভুলের জন্য পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়ে ছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে তবে ভাই হিসেবে বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।’

গতকাল বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচের আগে মেসিভক্ত পরীমণি ফের বিয়ে করবেন বলে ঘোষণা দেন। সঙ্গে জুড়ে দেন শর্ত।

নিজের ফেসবুকে পরী লেখেন, ‘আর্জেন্টিনা কাপ (ফিফা ফুটবল বিশ্বকাপ) জিতলে আমি আবার একটা বিয়ে করব ফাইনাল।’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হলে আরও একটি পোস্ট দেন নায়িকা। বৃটিশ খেলোয়াড় হ্যারি কেইনের উদ্দেশে সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এরপর থেকেই সামাজিক মাধ্যম সরগরম পরীমণির বিয়ে নিয়ে। নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন৷ জয়ের ঘোষণা যেন সে আগুনে ফের হাওয়া দিল।