বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ জুলাই) তাঁকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সহকারীকে গ্রেফতারের ঘটনা প্রকাশ্য হওয়ার পরপরই অভিযুক্ত অর্ঘ্যর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন শ্রাবন্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী এবং অভিযুক্ত অর্ঘ্য একই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন। গত ১২ এপ্রিল কাজের সূত্রে অর্ঘ্যর বাড়িতে গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রায় দুই মাস পর, গত ১২ জুন হাওড়ার চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্যকে গ্রেফতার করে পুলিশ।
সহকারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতিতে শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে অর্ঘ্যর সঙ্গে তার পেশাগত পরিচয়। ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অভিযুক্ত অভিনেত্রীর প্রতিদিনের কাজের সূচি দেখভাল করত।
অর্ঘ্যর ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি কিছুই জানতেন না উল্লেখ করে শ্রাবন্তী বলেন, ‘আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পরে আগামী দিনে আর কোনও ভাবেই ওঁর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে জানিয়েছি।’
এদিকে, অভিযুক্তের আইনজীবী আদালতে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ঘটনার প্রায় আড়াই মাস পর কেন অভিযোগ দায়ের করা হলো তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। তাছাড়া কথিত ঘটনার পরেও ভুক্তভোগী তরুণী অর্ঘ্যর সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বজায় রেখেছিলেন। তাদের মধ্যে যা হয়েছে তা সম্পূর্ণ পারস্পরিক সম্মতিতে হয়েছে। কোনো ধরনের জোরজবরদস্তির ঘটনা ঘটেনি।’
ইএইচ/