বিনোদন ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
সামাজিক মাধ্যমে সক্রিয় জনপ্রিয় গায়িকা নাজমুন মনিরা ন্যান্সি। পেশাগত খবরাখবরের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এবার তিনি অভিযোগ আনলেন নিজের চাচার বিরুদ্ধে। জানালেন আওয়ামী লীগের নেতার সহায়তায় গ্রামের জমি দখল করেছেন তার চাচা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি লিখেছেন, ‘নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল।’
ওইসময় প্রাশসনিক সহায়তা পাননি উল্লেখ করে গায়িকা লিখেছেন, ‘আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজি হয়নি!’
সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ন্যান্সি আরও লিখেছেন, ‘সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন।’
সবশেষে জনপ্রিয় এ গায়িকা লেখেন, ‘আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসব, ইনশাআল্লাহ।’
ন্যান্সির ওই পোস্টে অনেকেই মামলা করার পরামর্শ দিয়েছেন গায়িকা। উত্তরে গায়িকা লিখেছেন, ‘করেছিলাম, লাভ হয়নি। সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়।’ সেইসঙ্গে জানিয়েছেন করোনা মহামারির সময় তার বাবার মৃত্যুর পর জমি দখলের কাজটি করেছেন গায়িকার চাচা।
আরআর