বিনোদন প্রতিবেদক
০৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
‘ঢাকাইয়া দেবদাস’ ছবির শুটিং চলাকালীন মাতৃত্বকালীন ছুটিতে যান অভিনেত্রী শবনম বুবলী। এ ছবির মাধ্যমেই ফিরছেন শুটিংয়ে। তবে সেটি নির্ভর করছে অভিনেত্রীর ফিটনেসের ওপর। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক জাহিদ হোসেন।
আগামী সেপ্টেম্বরে ফের জ্বলে উঠছে ‘ঢাকাইয়া দেবদাস’-এর লাইট ক্যামেরা। শোনা যাচ্ছে, তখন শুটিংয়ে অংশ নেবেন বুবলী। পরিচালকের কথাও তাই। তবে রেখে দিলেন কিন্তু।
বললেন, ‘আমরা সেপ্টেম্বরে ফের শুটিংয়ে নামব। বুবলীরও তখন ফেরার কথা। তবে সেটি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। এরইমধ্যে তিনি ফিটন্সে নিয়ে কাজ করছেন। যদি ততদিনে কাঙ্ক্ষিত ফিটনেস না আসে তবে আরও সময় নেব। মাস খানেক অপেক্ষা করতেও ক্ষতি নেই।’
পুরান ঢাকার ঐতিহ্য নির্ভর সিনেমা হতে যাচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সঙ্গে থাকছে নিখাদ প্রেমের গল্প। এতে বুবলীর চরিত্রটি উর্দুভাষী। তার বিপরীতে আছেন আদর আজাদ। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপুকে।
আরআর