Dhaka Mail Logo

বিনোদন

অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতিমন্ত্রী, আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

বরেণ্য নজরুল সংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শবনম মুশতারী বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ও ডিমেনশিয়ায় ভুগছেন। শারীরিকভাবে তিনি বর্তমানে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে সংগীতচর্চা থেকেও দূরে রয়েছেন।

অসুস্থ এই শিল্পীর খোঁজ নিতে সম্প্রতি তার রাজধানীর ধানমন্ডির বাসভবনে যান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শবনম মুশতারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে চিকিৎসা-সহায়তা হিসেবে শিল্পীর হাতে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

ষাটের দশক থেকে সংগীতাঙ্গনে সক্রিয় শবনম মুশতারী বাংলা আধুনিক গান ও নজরুলসংগীতের একজন স্বনামধন্য শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে তার ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার কণ্ঠে জনপ্রিয় হওয়া নজরুলসংগীতের মধ্যে রয়েছে ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘আমায় নহে গো ভালোবাস’, ‘মনে পড়ে আজ’, ‘তুমি শুনিতে চেয়ো না’ এবং ‘সবার কথা কইলে’।

নওগাঁয় জন্ম নেওয়া শবনম মুশতারী কবি তালিম হোসেন ও কথাসাহিত্যিক-সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। তার মা দৈনিক বাংলা পত্রিকার নারী পাতার সম্পাদক ছিলেন। তার দুই বোন—ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারী—দুজনই খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী।

আরও পড়ুন

সিনেমার গানের শিল্পীদের নিয়ে সরকারের কাছে যে দাবি ন্যানসির

শবনম মুশতারীর গাওয়া ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করেছিল বিখ্যাত রেকর্ড কোম্পানি এইচএমভি। অ্যালবামটি যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশনে সংরক্ষিত রয়েছে। এছাড়া নিউইয়র্কভিত্তিক মুক্তধারা থেকে প্রকাশিত হয় তার অ্যালবাম ‘বেস্ট অব শবনম মুশতারী’।

সংগীতচর্চার পাশাপাশি বাবার নামে প্রতিষ্ঠিত ‘কবি তালিম হোসেন ট্রাস্ট’-এর মাধ্যমে তিনি দীর্ঘদিন নজরুলসংগীতের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন।

নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদক এবং ২০১৫ সালে নজরুল পুরস্কারে ভূষিত হন।

জেবি