Dhaka Mail Logo

বিনোদন

১৪ বছরের বন্ধুকে বিয়ের কারণ জানালেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

০৫ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

একইসঙ্গে মা হওয়া ও দ্বিতীয় বিয়ের খবর দিয়ে আলচনায় অভিনেত্রী মৌসুমী হামিদ। ১৪ বছরের পুরনো বন্ধুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এবার জানালেন স্বামী হিসেবে এই বন্ধুকে বেছে নেওয়ার কারণ। 

সংবাদমাধ্যমকে মৌসুমী বলেন, ‘আমার সবকিছুতেই ওয়াদুদ সব সময় পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। জীবনে তো এমনটা কখনও কখনও হয়, হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সে–ও এমনটাই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে, আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না। আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই, পরেই বিয়ে করি।’

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন অন্তঃসত্ত্বা মৌসুমী। সেখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন স্বামী আব্দুল ওয়াদুদকে। সে সময় বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’ 

গেল মার্চে রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে মৌসুমীর। সে সময় জানা যায়, স্বামীর পরকীয়ার জেরে ঘর ভেঙেছে তার। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। মৌসুমিও বিষয়টি নিয়ে কুলুপ এঁটে ছিলেন মুখে। 

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।

আরআর