Dhaka Mail Logo

বিনোদন

সিনেমার মতো নির্বাচনেও ফেল হাসান জাহাঙ্গীর-রাসেল মিয়া!

বিনোদন ডেস্ক

০৪ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

সিনেমায় ব্যর্থতার পর এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও কপাল পুড়ল অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীর এবং রাসেল মিয়ার। ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে দুজনেই হারের স্বাদ পেয়েছেন। 

এবারের নির্বাচনে দপ্তর ও প্রচার সম্পাদক পদে ভটযুদ্ধে নেমেছিলেন রাসেল মিয়া। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিনেতা জ্যাকি আলমগীরের কাছে ২৬ ভোটে হেরে যান তিনি। জ্যাকি পেয়েছেন মোট ২২১টি ভোট। এবং রাসেলের ঝুলিতে গেছে ১৯৫টি ভোট।  

অন্যদিকে, শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে দাঁড়িয়েছিলেন হাসান জাহাঙ্গীর। তিনি ভোট পেয়েছেন ১৮৩টি, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

‎এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। সভাপতি পদে বিজয়ী প্রার্থী শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। ৭০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় চমক দেখিয়েছেন জয় চৌধুরী। তিনি ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১৭৯ ভোট।

২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র পযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

‎উল্লেখ্য, শুক্রবার (৩ জুন) সকাল ৯টা থেকে এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টায় পর্যন্ত। শনিবার (৪ জুন) ভোরে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।  

ইএইচ/