বিনোদন ডেস্ক
০১ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ে সংঘটিত হত্যা মামলায় এবার নাম জড়িয়েছে খল-অভিনেতা কমল পাটেকারের। গত রোববার (২৮ জুন) মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল অভিনেতার বাসভবনে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাইয়ের একটি হত্যা মামলায় সম্প্রতি অজ্ঞাতনামা আসামি হিসেবে কমল পাটেকারের নাম যুক্ত করা হয়েছে। তবে মামলার এজাহার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ব্যক্তিগত শত্রুতার জেরে এবং আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে দূরে রাখতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় তাঁর নাম জড়ানো হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেতা।

মধ্যরাতে নিজ বাসায় পুলিশি অভিযানের বিষয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে অভিনেতা কমল বলেন, ‘আমি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। সবসময় রাজনৈতিক অনুষ্ঠান এড়িয়ে চলতাম। শুটিং আর এফডিসি ব্যতীত আমাকে কেউ কখনো দেখেনি। ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এরপর নির্বাচন হয়ে নতুন সরকার এসেছে। এতদিনে কখনো হয়রানির শিকার হয়নি। আমি যদি জুলাই বিরোধী হতাম তাহলে এতদিনে মামলা হয়নি কেন? কিন্তু হুট করে নির্বাচনের আগ মুহূর্তে কেউ একজন জুলাইয়ের সময়ের একটি মামলায় নাকি আমার নাম অজ্ঞাত হিসেবে যুক্ত করেছেন। আমি নাকি জুলাইয়ের বিপক্ষে ছিলাম। কে বা কারা দিয়েছেন তা এখনও জানি না।’
তিনি আরও বলেন, ‘মামলার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ, কেউ প্রমাণ দিতে পারবে না যে, আমি জুলাইয়ের বিপক্ষে ছিলাম। তাছাড়া এতদিন পর এসে নির্বাচনের দুই দিন আগে নাম যুক্ত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছি। আমি সরকারের সহযোগিতা চাই। এর সুস্থ তদন্তের দাবি করছি। আমাকে হয়রানি করতে এবং নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে কেউ ষড়যন্ত্র করছে।’

অভিনেতা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে কখনও শুটিং ছাড়া ঘর ছাড়া ছিলাম না। কিন্তু গত দুই দিন ধরে বাড়িতে ঘুমাতে পারছি না। আল্লাহর কাছে বিচার চাই এই নোংরামির। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো- আপনারা বিষয়টা দেখবেন। আমাদের মতো সাধারণ শিল্পীদের মিথ্যা হয়রানি করে কেউ ফায়দা নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। আমার ক্যারিয়ারে কোনো দাগ নেই।’
আশির দশকে চলচ্চিত্রে পা রাখা কমল পাটেকার দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে ২ হাজারেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে লড়ছেন তিনি। এর আগেও তিনি পাঁচবার কোষাধ্যক্ষ এবং একবার দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইএইচ/