বিনোদন প্রতিবেদক
২৯ জুন ২০২৬, ১১:০৬ এএম
দেশজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে ‘শাটিকাপ’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’। সিনেমার গল্প এবং অভিনয় মন জুড়িয়েছে সিনেমাপ্রেমীদের। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও বন্যা-পরবর্তী এক বিচ্ছিন্ন গ্রামীণ জনপদের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বলিউড চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমাটি দেখার পর ‘লেটারবক্সড’ নামের একটি প্ল্যাটফর্মে নিজের ভালো লাগার কথা প্রকাশ করে অনুরাগ লিখেছেন, “বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বন্যায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ‘দেলুপি’ গ্রামের একদম তৃণমূলের ক্ষমতার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। এটি ভীষণ মানবিক এবং আমাদের নিজেদের চেনা পরিবেশের মতোই মনে হয়েছে। আমার দারুণ লেগেছে।”
বলিউড চলচ্চিত্র নির্মাতা আরও লেখেন, ‘এখানকার একটি ছোট গ্রাম যেন পুরো দেশের এক রূপক ছবি হয়ে উঠেছে। কোনো সম্পদ ছাড়াই গ্রামের মানুষের সেই বাঁধ পুনর্নির্মাণ করার চেষ্টাটা যেন একদম শূন্য থেকে নতুন করে দেশ গড়ার মতোই। সিনেমাটি আমাকে এতটাই আবেগপ্রবণ ও মুগ্ধ করেছে যা ভাষায় প্রকাশ করা কঠিন।’
‘দেলুপি’র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ‘ঢাকা মেইল’-কে বলেন, “অনুরাগ কাশ্যপের মতো পরিচালক ‘দেলুপি’ দেখেছেন। ছবিটি প্রশংসায় কয়েক লাইন লিখেছেনও। নিজের নির্মাণ নিয়ে প্রিয় পরিচালকের এমন মন্তব্য নিঃসন্দেহে খুবই ভালো লাগার মতো বিষয়।”
‘দেলুপি’ দেশে-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাপ্রেমী ও সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে সিনেমার মাটি-মানুষের গল্প, একদম বাস্তবসম্মত অভিনয় এবং রূপকধর্মী নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করেছে।