বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসি। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। নির্বাচনী লড়াইয়ে তাকে সমর্থন দিয়ে শুভকামনা জানিয়েছেন নায়ক ওমর সানী।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ওমর সানী-মুক্তির। সিনেমার ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানটি সে সময় আলোড়ন সৃষ্টি করে। প্রথম সিনেমা দিয়েই এই জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।
সম্প্রতি এফডিসিতে এসে মুক্তিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।
অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আরমান ভাইয়ের কাছে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় ভঙ্গুর অবস্থায় ছিল। আপনারা জানেন যে, রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেটা এবার নেই। মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। যারা মুক্তির প্যানেলে আছে তাদের জন্য শুভকামনা।
ওমর সানীর সমর্থন পেয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, সমুদ্রের যেমন কূলকিনারা নেই এই খুশির তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। আমাকে দোয়া দিতে তিনি এসেছেন। তিনি আগে থেকেই দোয়া দিয়েছেন। এবার গণমাধ্যমের সামনে দিলেন। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।
প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি। ভোটারদের একাংশ মনে করছেন, সমিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।