Dhaka Mail Logo

বিনোদন

আসল রূপ লুকাও কেন, লজ্জা লাগে— ইরফানকে কেন বললেন সুনেরাহ?  

বিনোদন ডেস্ক

২৭ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’। মাস দেড়েক আগে শেষ হওয়া নাটকটিতে সায়রা-ফাহাদ দম্পতির চরিত্রে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদকে। 

একই ছাদের নিচে বাস করা চরিত্র দুটির মধ্যে মানসিক ফারাক ছিল বিস্তর। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে খুনসুটি করতে দেখা যেত সুনেরাহ-ইরফানকে। নাটক শেষ হলেও এ তারকাদ্বয়ের খুনসুটি চলমান। 

চলমান ফিফা ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছেন ইরফান। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক তিনি। আজ শনিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে তাকে। সঙ্গে ছাতাও জার্সির রঙয়ের। হাতের বালতি-মগও সাদা-আকাশি।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ছাতা বালতি সব নিয়ে নেমেছি! বৃষ্টি বন‍্যা যাই হোক আর্জেন্টিনার পাশে আছি।’ পোস্টের মন্তব্যের ঘরে সুনেরাহ লিখেছেন, ‘তুমি আমার ছাতা, জার্সি, বালতি, মগ সব চুরি করেছ?’

উত্তরে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘সুনেরাহ স্যার! একটু আড়াল করে একটা পিক নিলাম।’ এরপরই অভিনেত্রী ইরফানের একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে ব্রাজিল ফুটবল দলের জার্সিতে দেখা যাচ্ছে তাকে। সঙ্গে সুনেরাহ লিখেছেন, ‘তোমার আসল রূপ লুকাও কেন? লজ্জা লাগে?’ উত্তরে ইরফানও কম যাননি। লিখেছেন, চরিত্রের প্রয়োজনে আরকি।’

মন্তব্যের ঘরে সুনেরাহ-ইরফানের খুনসুটি নেটিজনরাও বেশ উপভোগ করছেন। তারাও যোগ দিয়েছেন তাদের সঙ্গে কমেন্টবক্সে। কেউ হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মন্তব্যও করেছেন। 

আরআর