বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২৬, ১০:০২ এএম
একাধিক রাজ্যে ভোটার তালিকাভুক্ত থাকার অভিযোগে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের বেঙ্গালুরুর একটি আদালত। বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৯ সালে বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় দীলিপ কুমার নামের এক আইনজীবী প্রকাশ রাজের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকাভুক্ত হওয়ার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রকাশ রাজ ভারতের ৪টি রাজ্য—কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার আইডি কার্ড ধারণ করছেন। যা সরাসরি নির্বাচনি আচরণবিধি ও আইনের লঙ্ঘন।
অনলাইনে জুয়া কাণ্ড, জেরার মুখে জনপ্রিয় অভিনেতা
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভারতের যেকোনো নাগরিক কেবল একটি নির্দিষ্ট স্থানেই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন। কিন্তু অভিনেতা নিয়ম অমান্য করে একাধিক পরিচয়পত্র নিজের কাছে রেখেছেন বলে মামলায় দাবি করা হয়। বাদী পক্ষের আইনজীবী দীলিপ কুমারের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এবং ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। সেখান থেকেও কোনো সাড়া না পেয়ে অবশেষে তিনি আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন।
পরবর্তী সময়ে বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য অভিনেতাকে দুই বার সমন পাঠান। কিন্তু দুটি নির্ধারিত তারিখে প্রকাশ রাজ আদালতে উপস্থিত হননি। আদালতের নির্দেশনা অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এই বর্ষীয়ান অভিনেতা।
ইএইচ/