বিনোদন প্রতিবেদক
১৭ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলার। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে হইচইতে।
ট্রেলারে উঠে এসেছে সাংবাদিকতা, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্প। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।
_20260617_154205415.jpg)
পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা গেছে। ট্রেলার প্রকাশের মাধ্যমে সে প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়েছে। শুধু দর্শকরাই নন, সিরিজটির কলাকুশলীরাও ‘হেডলাইন’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এবং অপেক্ষায় রয়েছে সিরিজটি মুক্তির জন্য।
৮ পর্বের সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।
এই সিরিজ দিয়ে গোলাম মামুন মুক্তির প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এতে তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যার নাম জহির।

অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনও সে খুবই আবেগপ্রবণ, আবার কখনও বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’
তিনি যোগ করেন, ‘শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’
_20260617_154303586.jpg)
সিরিজে নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘সামিউল চরিত্রটির জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।’
দীর্ঘদিন তিন বছর পর আবারও ওটিটির কাজে প্রত্যাবর্তন করেছেন আফসান আরা বিন্দু। সিরিজে তার চরিত্রের নাম আইরিন। বিন্দুও অপেক্ষায় আছে সিরিজটি মুক্তির। সারিকা সাবরিনের চরিত্রের নাম দোলন। তিনি জানান, ট্রেলার দেখার পর ধারণা করছেন দর্শকের প্রত্যাশা আরও কয়েক গুণ বেড়ে গেছে। এখনও বাকি চমক থাকছে পুরো সিরিজে।
আরআর