images

বিনোদন

৪ ছবি নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

বিনোদন ডেস্ক

১৭ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

সিনেমাপ্রেমীদের জন্য বিভিন্ন আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো বরবাদ, তাণ্ডব, উৎসব ও বনলতা এক্সপ্রেস। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি। 

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সকল শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রীম টিকেট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা। তাই এ সময়ে বাংলা চলচ্চিত্রকে আরও বেশি করে মানুষের সামনে নিয়ে আসার প্রয়োজন অনুভব করে স্টার সিনেপ্লেক্স। 

‘সামার বাংলা হিট ফেস্ট’-এর মাধ্যমে বাংলা সিনেমা এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দর্শকরা হলে এসে সিনেমা দেখার এক অনন্য অভিজ্ঞতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পরিবার নিয়ে এখন অনেকেই হলে আসছেন সিনেমা দেখতে। এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই আশাব্যঞ্জক। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতুহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি। আমরা চাই মানুষ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুক। সেই সুযোগটা করে দিচ্ছি আমরা। ‘সামার বাংলা হিট ফেস্ট’ গরমের এই মৌসুমে দর্শকদের যেমন সুস্থ বিনোদনের সুযোগ করে দিবে তেমনি দেশীয় চলচ্চিত্রের যে জোয়ার সৃষ্টি হয়েছে সেটি আরও বেগবান হবে বলে আমাদের বিশ্বাস। আমরা সবসময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা মুভি ফেস্ট’ বাংলা সিনেমাকে একটা নতুন মাত্রা দেবে’।