বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৬, ১০:৫০ এএম
কাতার বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপেও জ্বলে উঠলেন আর্জেন্টিনার প্রথম ম্যাচেই। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। মেসির পায়ের জাদুতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরে উড়ন্ত সূচনা করেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার জয়ে আনন্দের জোয়ারে ভাসছেন শোবিজ তারকারা। ব্রাজিলকে সমর্থন করলেও মেসির খেলা দেখে মুগ্ধ ঢালিউড অভিনেত্রী বুবলী। সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’ 
মেসির একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের মতো মানসিকতা! অভিনন্দন টিম আর্জেন্টিনা।’ চিত্রলেখা গুহ লেখেন, ‘অভিনন্দন ফুটবলের সমার্থক শব্দ লিওনেল মেসি। তুমি বিস্ময়।’
কেয়া পায়েল লিখেছেন, ‘তিন তিনটি গোল। একজনই মহাতারকা। মাঠজুড়ে শুধু তার রাজত্ব। এই মানুষটা যখন একবার খেপে ওঠে তখন তাকে থামানো অসম্ভব!’
আর্জেন্টিনার জয়ে ব্যঙ্গাত্মকভাবে উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ওকে ঠিক আছে, শুভরাত্রি!’ অভিনেতা ইরফান সাজ্জাত লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল। আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী জাকিয়া বারী মম লেখেন, ‘জয়ে রাঙানো এক চমৎকার সকাল, সবাইকে শুভ সকাল!’
মেয়ের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী সালহা খানম নাদিয়া লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়। মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপ যাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে? শুভকামনা আর্জেন্টিনার জন্য।’

মেসির ছবি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘ শুভ সকাল! চিরচেনা মেসি।’ অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকে আর কোনো কথা হবে না।’ আর্জেন্টিনার জার্সি পরিহিত নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী মালাইকা চৌধুরী লিখেছেন, ‘শুভ সকাল! বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য।’ অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক ! রাগ করলা?’

এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন তারকা জুটি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম (ফারুক সোবহান নাঈম)। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘আমরা জিতে গেলাম! টিম আর্জেন্টিনা….. মাঠ কাঁপিয়ে গর্জে ওঠো!’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু!’ আর্জেন্টিনার জয়ে মেসিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা সজল নূর, অভিনেত্রী বর্ষা।
গায়িকা লায়লা লেখেন, ‘সারাজীবন গর্ব করে বলব আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা লিওনেল মেসির খেলা নিজের চোখে দেখেছি! কী অসাধারণ হ্যাটট্রিক! কী অবিশ্বাস্য একজন ফুটবলার!’