বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ এ মৃত্যুকে আত্মহত্যা বলে জানালেও একের পর চাঞ্চল্যকর দাবি তুলছেন তার স্বজন-সহকর্মীরা। অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তন প্রেমিকের দিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সঞ্চিতার বান্ধবী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল জানান অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক উজ্জ্বল শর্মা। ‘সাজন ঘর’ ধারাবাহিকে সঞ্চিতার সহশিল্পী ছিলেন।সঞ্চিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তিনি। অর্থ ধার নিয়েছিলেন। চাইলে মৃত্যুর হুমকি দিতেন।
ইন্দ্রাক্ষীর কথায়, ‘উজ্জ্বল কথায় কথায় ওর (সঞ্চিতা) ওপর চিৎকার করত। শুধু তা-ই নয়, ওর সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করত। লোকের সামনে ছোট করত। এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দিত। উজ্জ্বল গালিগালাজ করে ওকে মেসেজ পাঠাত। সেই কথোপকথনের ছবি আমার কাছে আছে।’
সঞ্চিতার সহকর্মী অভিনেত্রী মেঘা জানান অনেক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্চিতা। তিনি বলেন, ‘আমি গভীর ভাবে শোকাহত। কিছু বলার মতো অবস্থায় নেই। যত দূর শুনেছি, ও আত্মঘাতী হয়েছে।’
সঞ্চিতার ভাই অবিনাশের দাবি, বিনোদনজগতের চাপ, কাজের অভাব এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে বার বার অপমানের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
মৃত্যুর আগেও একটি রিল প্রকাশ করেছিলেন অভিনেত্রী। বেশ হাসিখুশি দেখাচ্ছিল তাকে। সঞ্চিতার বাবার অভিযোগের ভিত্তিতে ১৫ জুন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ।