বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায়। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্রটির নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক ও দর্শক উভয়ের কাছেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইডে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তিন সপ্তাহ পর প্রবাসী দর্শকদের জন্য এই সুখবর দেন তিনি।
এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “দেশে ‘বনলতা সেন’ যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে ছবিটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার প্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই কাজটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যাক।”
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটির প্রদর্শনী চলছে।
আরআর