বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৬, ০৬:২০ পিএম
অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার তাঁর স্বামী সাফিউল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। একদিনের রিমান্ড শেষে আজ রোববার (১৪ জুন) তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আরিফুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান আদালতে জানান, রিমান্ড চলাকালীন আসামির কাছ থেকে ঝিলিকের মৃত্যুর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং আসামি যাতে বাইরে গিয়ে কোনো তথ্যপ্রমাণ নষ্ট করতে না পারেন সেজন্য তাকে কারাগারে আটকে রাখা প্রয়োজন। আদালত আবেদন আমলে নিয়ে সাফিউল্লাহকে হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ জুন সাফিউল্লাহ অসুস্থ হয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। স্ত্রী ঝিলিক সেখানে তাঁর দেখাশোনা করছিলেন। গত শুক্রবার দুপুরে হাসপাতালের বিল পরিশোধের বিষয়ে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার কিছু সময় পরে ঝিলিকের মৃত্যুর খবর আসে। সাফিউল্লাহ নিজেই ফোন করে ঝিলিকের পরিবারকে জানান যে, ঝিলিক হাসপাতালের বারান্দা থেকে নিচে পড়ে গেছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ঝিলিকের বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ সাফিউল্লাহকে গ্রেফতার করে। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আসমা আক্তার ঝিলিক বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।