বিনোদন প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ১২:১২ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আইফোন হারানো গেছে উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেজাহানের। গতকাল শনিবার ঘটেছে ঘটনাটি। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন নীল।
নিজের ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও (সিসিটিভি ফুটেজ) প্রকাশ করেছেন নীল। সেখানে অভিযুক্তকে সনাক্ত করে তিনি লিখেছেন, ‘আজ (গতকাল শনিবার) দুপুরে ছবিতে থাকা এই লোকটি (সাদা শার্ট) শিল্পকলা একাডেমি থেকে আমার iPhone 17 pro max (orange) নিয়ে পালিয়েছে। শেষবার লোকেশন দেখিয়েছে, কোনাপাড়া, ডেমরা এলাকায়। কেউ যদি এই লোককে দেখেন ফোনসহ বা ছাড়া, দয়া করে জানানোর অনুরোধ রইলো!’
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে নীল বলেন, ‘শিল্পকলার একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। ক্রু সেজে লোকটি আমাদের সঙ্গে ছিল। ক্যামেরার সঙ্গে ঘুরছিল। আমাদের সাহায্য করছিল, বাকিদের সাহায্য করছিল। আমি ভেবেছিল অনুষ্ঠানের টিমের। ওনারা ভেবেছেন আমার টিমের। এভাবে অনেকক্ষণ দুই টিমের সঙ্গে ছিল। এরপর সাংবাদিকরা আমার ইন্টার্ভিউ নেওয়ার সময় সে ফোন দিয়ে আমার ছবি তুলে দিচ্ছিল। আমি ভাবছিলাম ভিডিওগ্রাফারের সহকারী হয়তো। সে কারণে ছবি তুলছে। অন্যদিকে ভিডিওগ্রাফার ভেবেছেন আমার সহকারী হয়তো। আমি একটু অন্যদিকে চোখ ঘুরিয়ে ফিরে দেখি সে নেই। এক মিনিটের মধ্যে ফোনটা নিয়ে চলে গেছে।’
এরমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন নীল। বললেন, ‘বেশকিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল ফোনে। এরইমধ্যে আমি আইনি পদক্ষেপ নিয়েছি। রমনা থানায় জিডি করেছি। এখন দেখা যাক কী হয়।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, ‘হ্যাঁ এ বিষয়ে রমনা থানায় একটি জিডি হয়েছে। সেটা নিয়ে কাজ চলছে।’
অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন হারানোর ঘটনা এই প্রথম না। এর আগে এফডিসি থেকে অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইফোন চুরি হয়েছিল। প্রোডাকশন বয়ের ছদ্মবেশ ধরে তার মুঠোফোন নিয়ে চম্পট দিয়েছিল চোর।