বিনোদন ডেস্ক
১১ জুন ২০২৬, ১১:৫৩ এএম
বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানকে উৎসাহিত করতে মিশুক মুনীর স্মৃতি সম্মাননা দেওয়া শুরু হয় ২০২৩ সালে। এ বছর লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্ট থেকে ২০২৪-২০২৫ সালের সেরা একজন চলচ্চিত্রগ্রাহককে (সিনেমাটোগ্রাফার) সম্মাননা জানানো হবে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজ্ঞ বিচারকদের বিবেচনার জন্য ২৩ আগস্ট ২০২৬-এর মধ্যে নিচের বিবরণ অনুযায়ী চলচ্চিত্র আহবান করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, মিশুক মুনীরের জন্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা এবং এক লক্ষ টাকা সম্মাননা প্রদান করা হবে।
আবেদনকারীকে ১৮ বছর বা তার বেশি বয়সী এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। চলচ্চিত্রের ধরণ নিয়ে কোনো বাঁধাধরা নিয়ম নেই। বড় বা ছোট পর্দার জন্য যে কোনো মাধ্যমে প্রস্তুত এবং দর্শকের জন্য সহজলভ্য মুক্তদৈর্ঘ্য কাহিনীচিত্র। যা ২০২৪ থেকে ২০২৫-এর মধ্যে নির্মিত।
কাহিনীর অর্থবহ দৃশ্যমানতা, কারিগরী দক্ষতা্, নান্দনিকতা্, মানবিক মূল্যবোধ সম্পন্ন কনটেন্ট চূড়ান্ত নির্বাচনে বিবেচিত হবে। পাঠানো চলচ্চিত্রের সঙ্গে নাম, ঠিকানা, ফোন নম্বরসহ আবেদনপত্র বা ইমেইল, সংক্ষিপ্ত জীবনী এবং চলচ্চিত্রগ্রাহক/ডিওপি হিসেবে কর্মবৃত্তান্ত, চলচ্চিত্রের সার সংক্ষেপ ও লগ লাইন যুক্ত করতে হবে।
একজন ব্যক্তি একটি চলচ্চিত্রের জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৩ আগস্ট ২০২৬-এর মধ্যে lily.munier.memorial@gmail.com; কিংবা বাড়ি ১০৭, সড়ক ৪, ব্লক এ, বনানী, ঢাকা ১২১৩ -এ চলচ্চিত্র পাঠাতে হবে। আগ্রহীদের কিছু প্রশ্ন থাকলে ইমেইলে জিজ্ঞাসা করতে পারবেন।
আরআর