images

বিনোদন

কনসার্টে যুবকের রহস্যজনক মৃত্যু, অতিরিক্ত মদ্যপানে হাসপাতালে বান্ধবী 

বিনোদন ডেস্ক

০৭ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

মুম্বাইয়ের এক কনসার্টে রহস্যজনক মৃত্যু হয়েছে এক যুবকের। তার বান্ধবীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গতকাল শনিবার ওরলিতে আয়োজিত ‘Klangkuenstler All Night Long’ কনসার্টে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মৃত ওই যুবকের নাম বৃষভ গাংরুডে। তিনি মাহিমের বাসিন্দা। বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন কনসার্টে। জানা গেছে, অতিরিক্ত মদ্যপানে নেশাগ্রস্থ ছিলেন দুজনেই। প্রচণ্ড ভিড়ে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তারা। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বৃষভের। বান্ধবীর প্রাণে বাঁচলেও অবস্থা গুরুতর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ওই তরুণী পুলিশকে জানিয়েছেন তিনি মদ্যপান করেছিলেন। এরপর পান করেন এনার্জি ড্রিঙ্ক। তবে মাদক সেবনের কোনো প্রমাণ এখনও মেলেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, কনসার্টে হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে ওই যুবকের। তবে ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষাও চলছে।

এ ঘটনায় থানায় দায়ের করা হয়েছে দুর্ঘটনাবশত মৃত্যুর অভিযোগ। আয়োজকসহ একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গানের অনুষ্ঠানের আড়ালে অন্য কিছু চলছিল কি না সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।