images

বিনোদন

মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’ নিয়ে আলোচনা

বিনোদন ডেস্ক

০৬ জুন ২০২৬, ০৭:১০ পিএম

অভিনয়ের পাশাপাশি পরিচালক-প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। প্রথম নির্মাণের এক দশক পর পাওয়া গেল তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’র খবর। এরইমধ্যে মিলেছে সেন্সর সার্টিফিকেটশন বোর্ডের ছাড়পত্র।

খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী ওমর সানী। তিনি বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’

সিনেমাটি গড়ে উঠেছে মনস্তাত্ত্বিক গল্পে। করোনাকালে ছবিটি নির্মাণ করেন মৌসুমী। পর্দায়ও আছেন তিনি। আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। ছবির প্রযোজক আবদুর রহমান। জানা গেছে, ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

২০১৬ সালে প্রথম মৌসুমী নির্মাণ করেন ‘শূন্য হৃদয়’। এর আগে ১৯৯৬ সালে প্রযোজনায় নামেন তিনি। ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে সে পথচলা শুরু। এরপর তিনি প্রযোজক ছিলেন ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমার।