রাফিউজ্জামান রাফি
০৬ জুন ২০২৬, ০৬:২১ পিএম
মাশা ইসলামের কণ্ঠে গোলাপের মতো পাপড়ি মেলে সুর। সম্মোহিত করে বাংলা ভাষাভাষীদের। গায়িকা ব্যস্ত নিজের একক অ্যালবাম নিয়ে। গানসহ বিবিধ বিষয়ে ঢাকা মেইলের সঙ্গে ফোনালাপ জমেছিল তার।
ঈদ কেমন কাটল?
ভালো-ই কেটেছে। সাধারণত যেরকম কাটে। হাসি-খুশি-আনন্দে।
আপনি সিলেটে?
না, ছিলাম। চলে এসেছি। ঘুরতে গিয়েছিলাম। কিছু কাজও ছিল। আমার অনেক বন্ধুবান্ধব আছে সিলেটে। ওখানে গেলে তাদের সাথে ঘুরি। গান করি। চা বাগানে আমাদের কিছু জায়গা আছে যেখানে সময় কাটাই। বাইক রাইড করি। এবারও এভাবেই কাটিয়েছি।

চলতে ফিরতে ফ্যানদের সঙ্গে দেখা হয়েছে?
এটা হয়। অনেক সময় তারা আমাকে দেখে চমকে যান। এবারও হয়েছে। যখন স্কুটি চালাচ্ছিলাম তখন অনেকে সেখানে ছিলেন। হঠাৎ আমাকে দেখে হাই দিয়েছেন। আমিও দিয়েছি। পরে তারা মেসেজও দিয়েছেন— আপু, আপনাকে দেখেছি। ভালো লাগে ব্যাপারটা।
আপনি ভক্তদের অনেকের ক্রাশ। কীভাবে নেন?
হাহাহা… ভালোভাবেই নেই। খারাপ কিছু মনে হয় না। মনে হয় খুবই সুন্দর একটা ব্যাপার।
আপনার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ এখনও সিনেমা হলে। কেমন লাগছে?
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে এখনও সবাই কথা বলছে। এবারও এতগুলো সুন্দর সুন্দর সিনেমা এসেছে। ওগুলোর মধ্যেও সবাই চাচ্ছেন বনলতা এক্সপ্রেস থাকুক। দেশ-বিদেশে এত ভালোভাবে চলেছে, এত প্রশংসা পেয়েছে— খুব ভালো লাগে। আমার বন্ধুরা যারা কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে আছে তারা দেখেছে। শুনেছি ওখানেও হাউসফুল ছিল। এত সুন্দর সিনেমা আমাদের দেশে মুক্তি পেয়েছে— এটা গর্বের বিষয়। এরকম আরও সিনেমা যেন তানিম নূর ভাই দিতে থাকেন। অন্য নির্মাতারাও যেন দেন। সবাই পরিবার নিয়ে দেখতে পারবেন। আমার অংশটা ক্যামিওর মতো হলেও খুব ইমপ্যাক্টফুল ছিল। সবাই পছন্দ করেছে। আমিও খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। 
ব্রাহ্মণবাড়িয়ায় ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাই।
কী বলব বলুন। আমাদের দেশে তো এ ধরনের মানুষ আছেই। শিক্ষিতদের সঙ্গে কথা বলা যায়। অশিক্ষিতদের সাথে কথা বলে লাভ নেই। তবে অনেকে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করছেন। মন্তব্য করছেন। রুমিন ফারহানাকে দেখলাম মানব বন্ধন করেছেন। এটা বিশাল উদ্যোগ।
গানের ব্যস্ততা…
বেশকিছু নাটকের গানে কণ্ঠ দিয়েছি। গত পরশুও একটা করলাম। একক অ্যালবামের কাজ করছি। ৮টির মতো গান থাকবে। পাশাপাশি এ মাসে একটি ক্ল্যাসিকাল সন্ধ্যা নামাতে যাচ্ছি। ক্ল্যাসিকাল গজল আর পুরনো দিনের গান করব। আয়োজনের প্রক্রিয়া চলছে। এখনও দিনক্ষণ, স্থান নির্ধারণ করা হয়নি। তবে যাত্রা বিরতিতে করার সম্ভবনা আছে।
অ্যালবাম সম্পর্কে আরও কিছু বলবেন?
সবগুলো গান আমার লেখা ও সুরে। আমার জনরা মেলোডিয়াস। এখানেই তাই থাকবে। পাশাপাশি সুফি, কনটেম্পোরারি, ব্যালেড ট্রাই করব। প্রোডাকশনে সাহায্য করবেন আমার পরিচিত ভাই বেরাদার।

গান নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় বেছে নিয়েছেন?
বিষয়টি প্রক্রিয়াধীন। তাই এখনও বলতে পারছি না। তবে কিছু ফিলোসফিক্যাল, কিছু প্রেমের এবং কিছু গল্প নির্ভর গান থাকছে। বেশিরভাগ-ই ক্লাসিক্যাল ফিউশন থাকবে।
আরআর