images

বিনোদন

বাপ্পারাজ সরে দাঁড়ানোয় কে হলেন শিল্পী সমিতির সভাপতি প্রার্থী?

বিনোদন প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়ে চমকে দেন চিত্রনায়ক বাপ্পারাজ। তাকে সামনে রেখে বেশ স্বস্তির নিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিলেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। সম্প্রতি পারিবারিক কারণ দেখিয়ে বাপ্পারাজ নির্বাচন থেকে সরে দাঁড়ালে বেশ বিপাকে পড়েন তিনি। 
তবে সামাজিক মাধ্যমে মুক্তি জানিয়েছিলেন, সৎ ও ভালো একজন প্রার্থীকে সভাপতি পদে দাঁড় করাবেন তিনি। আজ ৬ জুন জানা গেল মুক্তির প্যানেলের সভাপতি প্রার্থী ফাইট ডিরেক্টর আরমান। 

আরমান একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। শিল্পী সমিতির কমিটিতে একাধিকবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এবারই প্রথম সভাপতি পদে লড়তে যাচ্ছেন। খবরটি ন ইশ্চিত করেছেন আরমান ও একই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তি। 

আরমান বলেন, ‘সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তারা আমাকে কাজের সুযোগ করে দিবেন। শিল্পী সমিতি নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। আমি আর মুক্তি নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে তা বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা করব।’

মুক্তি বলেন, ‘ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে আমরা সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘মায়ের স্বপ্ন, শিল্পীদের অনুরোধ এবং দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতা মিলেই এবার সাধারণ সম্পাদক পদে আমি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের যে সকল সমস্যা রয়েছে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। শুধু কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। গত দেড় বছরে কার্যনির্বাহী সদস্য পদে থেকেও অনেক কাজ করেছি। আমরা আগামী দিনেও কাজে প্রমাণ দিতে চাই।’

আসছে ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। আপিল বোর্ড প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদকে।