বিনোদন ডেস্ক
০৫ জুন ২০২৬, ০১:০৮ পিএম
কোরবানি ঈদের দুই দিন (২৬ মে) অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ববির বাসা থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব মনিপুর এলাকার বাসায় গত ২৬ মে চুরির এই ঘটনা ঘটে। ববি অভিযোগ করেন, শুটিংয়ের কাজে তিনি ঢাকার বাইরে থাকাকালীন দুর্বৃত্তরা বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা।
বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই। তারা সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। আমার বাবার দেওয়া স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।’
তিনি আরও যোগ করেন, ‘ঈদের মাত্র দুই দিন আগে এমন ঘটনা আমার জীবনে গভীর বেদনা হয়ে এসেছে। স্বর্ণালংকারগুলোর আর্থিক মূল্য থাকলেও বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকায় সেগুলোর আবেগগত মূল্য অনেক বেশি।’
চুরির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। অভিযুক্তদের গ্রেফতার এবং স্বর্ণালংকার উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।