বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
বলিউডের নামকরা প্রযোজক ও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালনি আর নেই। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে নিজের বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন পহেলাজ। ভুগছিলেন লিভার সিরোসিসে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সৎকার করা হবে বিকেল ৩টায়।
প্রযোজকের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর শোকের সাথে আমরা জানাচ্ছি যে, ৪ জুন ২০২৬, আমাদের প্রিয় পেহলাজ পরলোকগমন করেছেন। আজই বিকেল তিনটেয় সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য করা হবে।’
১৯৫০ সালে সিন্ধি পরিবারে জন্ম হয় পহেলাজের। প্রযোজক হিসেবে বলিউডে সবাই এক নামে চিনত তাকে। তার ঘর থেকে এসেছে বি-টাউনের জনপ্রিয় সব সিনেমা। এরমধ্যে রয়েছে ‘আঁখেঁ’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রঙ্গিলা রাজা’।
ভারতীয় চলচ্চিত্রের সেন্সর বোর্ডেরও কর্তাব্যক্তি ছিলেন পহেলাজ। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই বছর বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কারণে তটস্থ থাকতে হয়েছে পরিচালকদের।
কেননা সিনেমার ছাড়পত্র দিতে অতি রক্ষণশীল স্বভাব ছিল পহেলাজের। কথায় কথায় কাঁচি চালানোর নির্দেশ দিতেন ছবির ওপর। নওয়াজুদ্দিন সিদ্দিকীর এক ছবি দেখে যৌন দৃশ্যে ৪৮ টি কাটের নির্দেশ দিয়েছিলেন তিনি।