Dhaka Mail Logo

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংশোধন, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম 

বিনোদন ডেস্ক

০৩ জুন ২০২৬, ১১:৩৪ এএম

পুনর্মূল্যায়িত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩। দুটি বিভাগে আনা হয়েছে পরিবর্তন। ফলে আজীবন সম্মাননা যাচ্ছে অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হকের ঝুলিতে।

এর আগে গত জানুয়ারিতে ঘোষণা করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩। সেখানে আজীবন সম্মাননার নাম ঘোষণা করা হয় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ থাকায় তাঁদের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। পাশাপাশি অভিযোগ ওঠে সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি।

এরপরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার। অবশেষে গতকাল মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধনী তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চুকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। তাঁদের সঙ্গে নতুন করে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।

অন্যদিকে চিত্রনাট্য বিভাগে নাম ছিল নিয়ামুল মুক্তার। ‘রক্তজবা’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার ঘোষণা করা হয়েছিল তাকে। তবে মুক্তা জানান সিনেমাটির চিত্রনাট্যকার তিনি নন। এবার তার জায়গায় সেরা চিত্রনাট্যকারের পুরস্কার দেওয়া হচ্ছে তাসনীমুল হাসানকে। অন্য বিভাগগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি।