বিনোদন প্রতিবেদক
০২ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
বরেণ্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদ বাবার জুতায় পা গলাননি। তিনি বেছে নিয়েছেন সংগীত। রয়েছে নিজের ব্যান্ড। সম্প্রতি নাম লিখিয়েছেন সিনেমার গানে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘মালিক’-এর টাইটেল ট্র্যাক লিখেছেন রাকিব হাসান রাহুল এবং জনপ্রিয় র্যাপার তৌফিক আহমেদ। সুর ও সংগীত করেছেন অদিত রহমান। গানটি কণ্ঠ দিয়েছেন দিগন্ত সামাদ ও তৌফিক আহমেদ।
ঢাকা মেইলকে দিগন্ত বলেন, ‘‘আমার বাবা একাধিক গুণে গুণান্বিত ছিলেন। উনি অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী ছিলেন। সংগীতটা হয়তো ওনার থেকেই পেয়েছি। সিনেমার গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা আগে থেকেই ছিল। ‘মালিক’ সিনেমার মাধ্যমে শুরু হলো। সুযোগটি অদিত ভাই করে দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা।’’
‘মালিক’ ছাড়াও দিগন্ত কণ্ঠ দিয়েছেন শাকিব খানের সিনেমার গানে। ‘রকস্টারে’র ‘আমাকে উড়িয়ে দাও’ গানের ব্যাক ভয়েসে আছেন তিনি। তার কথায়, ‘আমি মনে করি একজন কণ্ঠশিল্পীর পূর্ণতা মেলে সিনেমার গানের মাধ্যমে। তাই আমিও চাই নিয়মিত প্লেব্যাক করতে।’
এর বাইরে নিজের ব্যান্ডের জন্য গান করছেন দিগন্ত। ব্যস্ত আছেন সলো অ্যালবামের কাজে।