বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৬, ০৩:২২ পিএম
তার সৌন্দর্য চোখে আরাম দেয়, কোমরের দুলুনি মনে ঢেউ তোলে। তবে এবার ঈদে তিনি ভক্তদের ঘায়েল করতে বেছে নিয়েছেন কণ্ঠ। বলছিলাম নুসরাত ফারিয়ার কথা। প্রকাশ করেছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি গান।
গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। সুর ও সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এবার-ই প্রথম ফারিয়ার সঙ্গে সুরে বাঁধা পড়লেন তিনি।
প্রকাশিত মিউজিক ভিডিও দেখে এটা স্পষ্ট যে, শুধু কণ্ঠ দিয়েই ঝড় তোলেননি ফারিয়া। সৌন্দর্য দিয়েও করেছেন কুপোকাত। নেচে গেয়ে জমিয়ে তুলেছেন। একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে তাকে। কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবের আবহে লেহেঙ্গায় নিজেকে মেলে ধরেছেন।
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া লিখেছেন, “ঈদ মুবারক”। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। মঙ্গলবার (২৭ মে) গানটি প্রকাশ পেয়েছে এসভিএফ–এর ইউটিউব চ্যানেলে।
২০১৮ সালে ‘পটাকা’র মাধ্যমে বাণিজ্যিক গানে আত্মপ্রকাশ করেন ফারিয়া। এরপর ২০২০, ২০২১ ও ২০২৩ সালে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ও ‘বুঝি না তো তাই’। ভিন্ন ধাঁচের গানগুলো শ্রোতা-দর্শকের মন জয় করে। তারই ধারাবাহিকতায় প্রকাশ করলেন ‘লোকে বলে’।