বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৬, ১২:৩০ পিএম
সম্প্রতি এক ঘটনায় হতভম্ভ গ্র্যামিজয়ী সেতারশিল্পী আনুশকা শঙ্কর। এক অনুষ্ঠানে সম্মতি ছাড়াই তাকে কোলে তুলে নেন ভক্ত। ঘটনাটি শিল্পীকে মনে করিয়ে দিচ্ছে তার ভয়ংকর অতীত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আনুশকা জানান, অনুমতির তোয়াক্কা না করেই তাকে কোলে তুলে নেন ওই অনুরাগী। যা স্তম্ভিত করে দেয় সেতারবাদককে। এ নিয়ে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন রবি শঙ্করকন্যা।
তিনি বলেন, ‘গত সপ্তাহে এক ব্যক্তি আমাকে হঠাৎ কোলে তুলে নিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমার উত্তর শোনার আগেই তিনি আমাকে কোলে তোলেন। অনুষ্ঠান শেষে কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করছিলাম। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে, অস্বস্তির হাসি হেসে আমাকে নামাতে বলি। তারপর তাঁকে হাসিমুখে অটোগ্রাফও দিই এবং বিদায় জানাই।’
আনুশকা মনে করছেন কোনো অসৎ উদ্দেশ্য ছিল না ওই ভক্তের। তার কথায়, ‘‘আসলে আমার মনে হয়েছিল ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হয়তো তিনি অতিরিক্ত উত্তেজিত হয়েই এমন কাজ করেছিলেন। এখনও আমার তা-ই মনে হয়। কিন্তু আমি অবাক হয়েছিলাম, উপস্থিত অন্যরা এটা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।’’

তৎক্ষণাৎ কিছি মনে না হলেও পরে বিষয়টি ভাবিয়ে তোলে আনুশকাকে। লেখেন, ‘‘কেউ যখন একটা নির্দিষ্ট ব্যক্তিগত সীমা অতিক্রম করে, তখন আমি থতমত খেয়ে যাই। সেই মুহূর্তে ঠিক ভাবে প্রতিক্রিয়া জানাতে পারি না। এটা অতীতের আতঙ্কের জন্যই হয়।’’ তবে অতীতে ঘটনা বর্ণনা দেননি বিখ্যাত এ সেতার শিল্পী।