images

বিনোদন

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘রক্তছায়া’

বিনোদন ডেস্ক

২৪ মে ২০২৬, ০৬:০১ পিএম

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতার মে ২০২৬ আসরে চলচ্চিত্রটির জন্য অ্যাওয়ার্ড অব রিকগনিশন সম্মাননা পেয়েছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘রক্তছায়া’ চলচ্চিত্রের জন্য তিনি পরিচালনা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বীকৃতি লাভ করেন। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসা অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতা স্বাধীন চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও অন্যান্য সৃজনশীল নির্মাণকে আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়নের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের নির্মাতাদের কাজ আন্তর্জাতিক বিচারকমণ্ডলী নির্মাণশৈলী, গল্প বলার ধরন, সৃজনশীলতা ও কারিগরি মানের ভিত্তিতে মূল্যায়ন করে থাকে।

এর আগে ‘রক্তছায়া’ পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ পুরস্কার অর্জন করে। এছাড়া চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতায় প্রদর্শিত ও মনোনীত হয়েছে।

মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী ‘রক্তছায়া’ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী। চলচ্চিত্রটিতে মানবমনের মনস্তাত্ত্বিক সংকট, সম্পর্কের জটিলতা এবং বাস্তবতার বিভিন্ন স্তর তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, রাফাহ নানজেবা তোরসা এবং সঞ্চিতা দত্ত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে অ্যাড্রিয়ান প্রোডাকশনস।