বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৬, ১২:৩৭ পিএম
পর্দা নামল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৯ তম আসরের। শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শেষ প্রায় দুই সপ্তাহ ধরে চলা এ উৎসব।
কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। এবার এটি বগলদাবা করেছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর সিনেমা ‘ফিওড’। এক অভিবাসী ধর্মীয় পরিবারের টানাপোড়েনের গল্পে নির্মিত ছবিটি কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও।
সমাপনী আসরে ঘোষণা করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার। গ্রাঁ প্রি জিতেছে ‘মিনোটর’, আর জুরি পুরস্কার গেছে ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে। সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পাভেল পাভলিকোভস্কি ও স্প্যানিশ পরিচালক জুটি হাভিয়ের কালভো–হাভিয়ের আমব্রোসি।
অভিনয় বিভাগেও ছিল চমক। সেরা অভিনেত্রী হয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। অন্যদিকে সেরা অভিনেতা হয়েছেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া। চিত্রনাট্যে পুরস্কার পেয়েছেন এমানুয়েল মার।
উৎসবজুড়ে ইউরোপীয় আর্টহাউস সিনেমার শক্ত উপস্থিতি এবং সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতা বিশেষভাবে নজরে এসেছে।
এদিকে বিশ্ব চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ডকে সম্মানসূচক পাম দ্য’র প্রদান করা হয়। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানান তিনি।
গুরুত্বপূর্ণ বিজয়ীদের তালিকা
পাম দ’র: ‘ফিয়র্ড’ — ক্রিশ্চিয়ান মুঙ্গিউ
গ্রাঁ প্রি: ‘মিনোটর’ — আন্দ্রেই জভিয়াগিনৎসেভ
জুরি প্রাইজ: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ — ভ্যালেস্কা গ্রিজেবাখ
সেরা পরিচালক: পাভেল পাভলিকোভস্কি (‘ফাদারল্যান্ড’), হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি (‘দ্য ব্ল্যাক বল’)
সেরা অভিনেত্রী: ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো
সেরা অভিনেতা: ভ্যালেন্তিন ক্যাম্পান ও ইমানুয়েল মাকিয়া
সেরা চিত্রনাট্য: ‘এ ম্যান অব হিজ টাইম’ — ইমানুয়েল মারে
ক্যামেরা দ’র: ‘বেনইমানা’ — মেরি-ক্লেমেন্তিন দুসাবেজাম্বো
শর্ট ফিল্ম পাম দ’র: ‘পারা লস কন্ত্রিনকান্তেস’ — ফেদেরিকো লুইস