images

বিনোদন

‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা দেশ ও পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে জড়িত’

রাফিউজ্জামান রাফি

২৩ মে ২০২৬, ০৫:৩২ পিএম

একাধারে গীতিকার, সুরকার, গায়ক আহমেদ হাসান সানি। স্বাধীন শিল্পী হিসেবে সুনাম রয়েছে। নির্মাতা আজমান রুশো তার কাঁধে চাপিয়েছেন নিজের প্রথম সিনেমা ‘রকস্টারে’র গানের গোটা দায়িত্ব। সেসব নিয়ে সানির সঙ্গে আলাপ জমেছিল ঢাকা মেইলের। 

‘রকস্টারে’ যুক্ত হওয়ার গল্প জানতে চাই। 

পরিচালক আজমান রুশো একদিন জানাল সে সিনেমা বানাচ্ছে। মিউজিশিয়ানদের নিয়ে। নাম ‘রকস্টার’। মিটিং করলাম। জানলাম শাকিব খান থাকবেন। মিটিংয়েই বুঝলাম এটা একটা ম্যাসিভ জিনিস হবে।

গানগুলো বাছাইয়ে কোন দিকগুলো মাথায় রেখেছেন? 

সিনেমার কথা মাথায় রেখে গানগুলো করেছি। গল্পের ব্যাপ্তি, একের পর এক ঘটনার প্রেক্ষাপটে গানগুলো এসেছে। গল্পের রিকোয়ারমেন্ট, মুড অনুযায়ী করা।

680389986_2031087641624724_628224215694293118_n

রকস্টার নিয়ে নির্মিত অন্য সিনেমাগুলো ঘাটাঘাটি করতে হয়েছে? 

গানগুলো অন্য সিনেমার কথা মাথায় রেখে ভাবিনি। অন্য দেশের গানের মতো করিনি। আমাদের এখানে হিন্দি গানের মতো অনেক বাংলা গান হয়েছে। হয়তো এক ধরনের ভালো লাগাও তৈরি হয়েছে। কিন্তু সেটা ঠিক বাংলা গান না। হিন্দি গান আমার ভালো লাগে। কিন্তু হিন্দির মতো করে বাংলা গান আমার পার্সোনালি মনে লাগে না। বাংলা গানের, বাংলা ভাষার একটা চলন আছে। সুরের বহতা আছে। এই সিনেমায় ওটা ধরার চেষ্টা করেছি। 

‘রকস্টার’ সিনেমায় শুধু রক গান থাকবে। কিন্তু সেটি হচ্ছে না। অনেকের এরকম আফসোস। কী বলবেন?  

যারা রক গান চান তাদের জন্যও গান আছে। জীবন মানে যেমন শুধু দুঃখ কিংবা সুখ না তেমনি মিউজিকও শুধু রক না। মিউজিকের আরও অনেক দিক আছে। ‘রকস্টার’ সিনেমায় রক গানও আছে। অন্যান্য গানও আছে। এগুলো সব মৌলিক। 

শাকিব খানের ভক্তদের অনেকে চাইছিলেন উপমহাদেশের বিখ্যাত গায়করা এ সিনেমায় কণ্ঠ দিক… 

শাকিবিয়ানদের এই আশা অমূলক না। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। তাকে নিয়ে এরকম ভাবতেই পারে। কিন্তু সিনেমায় প্রয়োজন কি না সেটাই মূল। অনেকে বলছেন যে আরও সিঙ্গার ছিল। হ্যাঁ, আমাদের সমসাময়িক অনেকে আছেন। আমি বিশ্বাস করি তারা ভালো গাইতে পারতেন। কিন্তু কে গান করবেন না করবেন সেটা পরিচালকের সিদ্ধন্ত। শাকিব খানের ফ্যানদের উদ্দেশে বলব, এই প্রজেক্টটা করতে পেরে আমি অনেক ভাগ্যবান। শাকিব খান ও আজমান রুশো আমার ওপর ভরসা করেছেন আমার গান তাদের ভালো লেগেছে— আমার জীবনের বড় প্রাপ্তি। আশা করব দর্শকরাও নিরাশ হবেন না। 

690968967_2040870020646486_3657131540939853938_n

শাকিব খানের সিনেমার গান করবেন— কখনও ভেবেছিলেন? 

শুরু থেকেই আমি স্বাধীনভাবে গান করি। আমার গান পাঁচজন লোক শুনলেও গাইব, পাঁচ কোটি শুনলেও করব। তবে কখনও ভাবিনি শাকিব খানের সিনেমায় গাইব। এর আগে এক সাক্ষাৎকারে বলেছি, স্বপ্নেও দেখিনি শাকিব খানের সঙ্গে আমার কোনোভাবে কোলাবোরেশন হবে। কারণ আমাদের দুইজনের পথ দুই রকম। তবে সুযোগটা পেয়ে আমি খুব এক্সাইটেড। 

শাকিব খানকে দেখে কেমন মনে হয়েছে? 

‘রকস্টার’ সিনেমার আগে দেখা হয়নি। সিনেমার সুবাদে শাকিব খানের বাসায় যাই। ওনাকে অনেক ডাউন টু আর্থ মনে হয়েছে। তাছাড়া একজন আর্টিস্ট হিসেবে উনি অনেক আন্তরিক ও পরিশ্রমী। ওনাকে দূরদৃষ্টি সম্পন্ন মনে হয়েছে। যেহেতু অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে। আগে থেকেই বুঝতে পারেন অনেক কিছু। সেকারণেই হয়তো হুট করে চেনা গণ্ডির বাইরে এসে ‘রকস্টার’ করছেন। 

সিনেমায় শাকিবের মিউজিশিয়ান হয়ে ওঠার জার্নিটা আপনার দৃষ্টিতে কেমন ছিল? 

সিনেমার ডিরেক্টর আজমান রুশো নিজেও একজন মিউজিশিয়ান। শাকিব খানের সঙ্গে তার প্রচুর মিউজিক রিলেটেড আলাপ হয়েছে। গিটার বাজানোর সময় আমি একবার দেখিয়েছি। তাছাড়া প্র্যাকটিসের সময় উনি দেখছিলেন— জাহিদ নিরব কীভাবে পিয়ানো বাজায়, আমি কীভাবে গিটার বাজাই। আর রুশো সব সময় ওনার সঙ্গে কনভার্সেশনের মধ্যে দিয়ে গেছে। রুশোর অনেক গল্প আছে। সেগুলো শাকিব ভাই শুনেছেন। 

670854720_1502129244613779_3554429442610494194_n_(1)

শাকিব খানের বিশাল ফ্যানবেজ কি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল? 

চাপ না, প্রত্যাশা বলতে পারি। সিনেমাটি নিয়ে সবারই উচ্চ মাত্রার প্রত্যাশা রয়েছে। চেষ্টা করছি ভালো কিছু করতে। প্রজেক্টটা নিয়ে আমি, আজমান রুশো, জাহিদ নিরব, শাকিব খান প্রচুর সময় ব্যয় করেছি। শাকিব খানের ফ্যানদের উদ্দেশে বলব, ভরসা রাখুন। সিনেমাটি হলে গিয়ে দেখলে আমার মনে হয় আপনাদের পয়সা উসুল হবে। এরকম সিনেমা আমরা বাংলাদেশে আগে দেখিনি।  

ইনবক্সে শাকিবিয়ানরা কিছু বলেন? 

আমাকে তো থ্রেট করছে শাকিব খানের ভক্তরা। জীবন নিয়ে শঙ্কায় আছি (হাসতে হাসতে)। গান না দিলে নাকি আমাকে মেরে ফেলবে, আমার নাকি সম্মান থাকবে না। এরকম নানা রকমের হুমকি পাচ্ছি। একটা মানুষকে কী পরিমাণ ভালোবাসলে তার দর্শক-শ্রোতারা এরকম ব্যাকুল হয়! এটা ভালো লাগছে। ব্যাকুলতাটা বুঝতে পারি। আমি আসলেই শাকিবিয়ানদের ভালোবাসি। 

‘আমাকে উড়িয়ে দাও’ গানের জন্য তারা অপেক্ষা করছেন… 

আমরাও ওয়েট করছি গানটির জন্য। সিনেমার সুন্দর একটি সময়ের গান এটি। রক জনরার। আমার মনে হয় সবার ভালো লাগবে। আমি লিখেছি বলে না। এর বাইরে এসে বলছি, এই সিনেমার গানগুলোর মধ্যে মানুষকে ছুঁয়ে দেওয়ার মতো অনেক জিনিস আছে।  

617135189_1922202892513200_2377820347867492894_n

আপনি ‘রকস্টার’-এর গানের দায়িত্বে। চিত্রনাট্য সামলেছেন আপনার স্ত্রী নুসরাত মাটি। দুজনের মধ্যে কীরকম আলাপ হয়েছে কাজটি করাকালীন? 

কাজ নিয়ে আমরা অনেক সময় অনেক আলাপ করি। আমি ওরটা নিয়ে বলি। ও আমারটা নিয়ে বলে। যেমন এটা এমন হবে, ওটা এমন হতে পারে। সেসবের মধ্যে অনেক আলাপ পরিণতি পেয়েছে, অনেকগুলো পায়নি। যেগুলো পরিচালকের মনঃপূত হয়েছে সেগুলো হয়েছে। পুরো কাজে আমরা পাশাপাশি ছিলাম। 

মেগাস্টারদের সিনেমায় অনেক সময় তাদের ফ্যানদের জন্য বিশেষ চমক থাকে। শাকিবিয়ানদের জন্য সেরকম কিছু আছে এই ছবিতে? 

গল্পটাই তো ফ্যানদের। এত সুন্দর গল্পে, দারুণ একটা চরিত্রে শাকিব খান কাজ করছেন! এগুলো কাদের জন্য! তার ফ্যানদের জন্য। 

আপনার নির্মাণের ব্যস্ততা জানতে চাচ্ছি। শাকিবকে নিয়ে নির্মাণের ইচ্ছা আছে?

আমি আরও নির্মাণ করতে চাই। কোরবানি ঈদের পর শুরু করব। পরবর্তী সিনেমার গল্প নিয়ে কাজ করছি। লিখছি, ভাবছি। শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই আছে। যদি সময়ের সুযোগ হয় বানাব। 

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? 

আমার ভবিষ্যৎ পরিকল্পনা দেশ ও পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। সবার ভালো থাকার সঙ্গে জড়িত। আমি চাই হামে মহামারিতে যেন শিশু না মারা যায়। নারীরা যেন নিপীড়িত না হয়। সহিংসতা যেন কমে যায়। শ্রমিক যেন তাদের ঘামের মূল্য পায়। কৃষক যাতে ন্যায্য পাওয়া পায়। এগুলোর মধ্যেই আমাদের ভবিষ্যৎ এবং পৃথিবীর ভবিষ্যৎ নিহিত। এত যুদ্ধ চাই না। এত লাশ চাই না। এসব ঠিক থাকলেই আমি মনের আনন্দে গাইব, সিনেমা বানাব। 

আরআর