images

বিনোদন

একই দিনে বাংলাদেশেও এলো ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

২৩ মে ২০২৬, ১১:৩৩ এএম

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। পর্দায় এলো স্টার ওয়ারস-এর নতুন সিনেমা। ২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়াান অ্যান্ড গ্রোগু’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। 

ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের অংশ এই সিনেমা। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার প্রমুখ। ডিন ডিজারিন ও তার ছোট শিষ্য গ্রোগু নতুন মিশনে বের হয়; কিন্তু কাজটা সহজ না, পদে পদে তাদের জন্য অপেক্ষা করে আছে নতুন বিপদ। তবে এসব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে গিয়ে ডিন ও গ্রোগুর সম্পর্ক আরও মজবুত হয়। সিনেমার কাহিনী শুরু হয় নিউ রিপাবলিকের অস্থির এক সময়ে। 

সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকমহলে আলোচনা চলছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ মিশ্র, তবে আগ্রহের দিক থেকে এটি বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেক স্টার ওয়ারস ভক্ত ট্রেলারের ভিজ্যুয়াল, আইম্যাক্স স্কেল এবং ম্যান্ডো গ্রোগুর আবেগপূর্ণ সম্পর্ক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

বিশেষ করে গ্রোগুর নতুন ফোর্স ক্ষমতা, অ্যাকশন দৃশ্য এবং পুরনো স্টার ওয়ারস আবহ দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করে। ইউটিউবে বিভিন্ন রিঅ্যাকশন ভিডিও দ্রুত ভাইরাল হয়। কেউ কেউ ট্রেলারকে নস্টালজিক ও মজাদার বলেছেন, আবার অনেকে মনে করেছেন এটি অনেকটাই নিরাপদ ও পরিচিত ফর্মুলার ওপর নির্ভর করেছে।