বিনোদন প্রতিবেদক
২১ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
এবার কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেতে যাচ্ছে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মটি। এই গল্পের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের ফাইজুল ইয়ামিন এবং কলকাতার সৃজা দত্ত।
‘তাজমহল’ ওয়েব ফিল্মটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন সৃজা। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ ছবি দিয়ে বড়পর্দায় অভিষেকের পর সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচই-এর ‘নিশির ডাক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার ‘তাজমহল’-এ দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী।
সৃজার বিপরীতে এই ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। পরিচালক রায়হান রাফীর আলোচিত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন ফাইজুল ইয়ামিন। ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর নাটক ‘পেজ টার্নার’ এবং রোমান্টিক ঘরানার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এ-ও সাবলীল অভিনয় করেছেন।
‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন গুণী নির্মাতা ওয়াহিদ আনাম। তাঁর নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিফিল্ম ‘চক্র’ দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এ নির্মাতা।