images

বিনোদন

কারিনার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশকারীদের নিয়ে যা বললেন তার বাবা

বিনোদন ডেস্ক

১৭ মে ২০২৬, ১০:৫২ এএম

গত ১৫ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তাঁর মৃত্যুর খবরে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তবে সামাজিক মাধ্যমে একশ্রেণির মানুষ মৃত্যু উল্লাসে মেতেছেন। যা দেখে দুঃখ প্রকাশ করেছেন তাঁর বাবা ও সাবেক জাতীয় ক্রিকেটার কায়সার হামিদ।

মেয়ের অকালপ্রয়াণের পর যাঁরা সামাজিক মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে কটূক্তি করছেন, তাঁদের হেদায়েত কামনা করেছেন তিনি।

গণমাধ্যমকে হামিদ বলেন, ‘অনেকে বিভিন্ন রকমের নেতিবাচক মন্তব্য করেছেন। আমি দেখেছি অনেক ভাই তাঁর মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলেছেন। মৃত্যু তো সবারই হবে। আপনার মৃত্যুতে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আপনার যাঁরা কাছের লোক আছেন বা আত্মীয়-স্বজন, তাঁরা কি কষ্ট পাবেন না? সেজন্য একজন মানুষের মৃত্যুর  পর তাঁকে ক্ষমা করে দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘এতে আমার কোনো আক্ষেপ নেই। যাঁরা কটূক্তি করেছেন, বিভিন্ন রকমের আজেবাজে মন্তব্য করেছেন, আল্লাহ তাঁদেরকে হেদায়েত করুন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আমরা এসেছি সবাইকে মৃত্যুবরণ করতে হবে, দুদিন আগে আর পরে। আমরা এখানে মুসাফির।’

পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে কারিনার মরদেহ দেশে আনা হচ্ছে। এরপর বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তাঁকে দাফন করার কথা রয়েছে।

ইএইচ/