images

বিনোদন

কারিনার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশকারীদের নিয়ে যা বললেন ফারুকী 

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২৬, ১২:৩৭ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তালিকায় আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কারিনাকে নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

শুরুতেই জুলাই আন্দোলনে কারিনার অংশগ্রহণ স্মরণ করে ফারুকী লেখেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।’

এরপর কারিনার স্মৃতিচারণা করে লিখেছেন, ‘আর আমি মনে রাখব তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সাথে করা কাজ ৩৬-২৪-৩৬-য়ের কারণে। তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সাথে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ‍্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ‍্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা।’

ফারুকীর কথায়, ‘মানুষ মরে গেলে নাকি সব সত‍্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ‍্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে।’

সবশেষে এ নির্মাতা লেখেন, ‘আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক কারিনা। এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত‍্যার জন‍্য বিখ্যাত তা না, মৃত‍্যুতে উল্লাস করবার জন্যও বিখ‍্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’

লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।