images

আন্তর্জাতিক / বিনোদন

অবৈধ নিয়োগ, প্রেমিকার জন্য নিয়ম ভাঙা— গদিতে বসেই স্বজনপ্রীতি বিজয়ের!

বিনোদন ডেস্ক

১৩ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বেশকিছু উদ্যোগ নিয়েছেন বিজয় থালাপতি। যা হয়ে উঠেছে প্রশংসার কারণ। তবে উঁকি দিচ্ছে স্বজনপ্রীতিও। ব্যক্তিগত জ্যোতিষীকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে তোপের মুখে পড়েছেন। প্রেমিকা তৃষা কৃষ্ণানের জন্যও ভেঙেছেন দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রির চিরায়িত নিয়ম। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল ১৪ মে মুক্তি পাচ্ছে তৃষার নতুন সিনেমা ‘কারুপ্পূ’। এ উপলক্ষে এক বিশেষ ঘোষণা দেন বিজয়। তামিলনাড়ুর সিনেমা হলগুলোতে মর্নিং শো নিষিদ্ধ ছিল। সে বিধিনিষেধ তুলে নিয়েছেন তিনি। ‘কারুপ্পূ’ মর্নিং শো দিয়ে নতুন নিয়ম চালু হচ্ছে সেখানে। 

এ পদক্ষেপ বেশ প্রশংসা এনে দিচ্ছে থালাপতিকে। এক জন মন্তব্য করেছেন, ‘তামিল ছবির ইতিহাসে প্রথমবার সকাল ৯টায় দেখানো হবে ছবি। ধন্যবাদ বিজয় আন্না।’ আরেকজন লেখেন, ‘এক সময় নিজের ছবির বিশেষ শোয়ের অনুমতি সরকারের কাছে চাইতেন, আর এখন গোটা ইন্ডাস্ট্রি মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছেই অনুমতি চাইছে— কী অসাধারণ যাত্রা!’

তবে এ পদক্ষেপে খুশি হলেও ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়ে তোপের মুখে পড়েছেন। বিষয়টিকে স্বজনপ্রীতি হিসেবেও দেখছেন অনেকে। 

মুখ্যমন্ত্রীর দফতরে একজন জ্যোতিষীকে এমন প্রভাবশালী প্রশাসনিক পদে বসানো নিয়ে বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি জোটের শরিকরাও প্রশ্ন তোলেন। বিষয়টিকে সাংবিধানিক পদের জন্য অনুপযুক্ত বলে জানানো হয়। 

বিধানসভায় আস্থা ভোটের বিতর্কে অংশ নিয়ে ডিএমডিকে সাধারণ সম্পাদক ও বিধায়ক প্রেমলতা বিজয়কান্ত কড়া ভাষায় থালাপতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘জ্যোতিষী রথিন পাণ্ডেকে মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া অত্যন্ত নিন্দনীয়।’

অন্যদিকে, ভিসিকে দলের পক্ষ থেকেও রথিন পাণ্ডের দায়িত্ব নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়। এ অবস্থায় বাড়াবাড়ির দিকে যাননি বিজয়। বিধানসভায় হট্টগোল শুরু হলে তামিলনাড়ু সরকার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।

গেল ১০ মে মুখ্যমন্ত্রীর শপথ নেন বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শপথ। পাশে ছিলেন তার কথিত প্রেমিকা ও অভিনেত্রী তৃষা কৃষ্ণান। 

আরআর