বিনোদন প্রতিবেদক
১৩ মে ২০২৬, ০১:৪২ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি তাঁর ভেরিফায়েড প্রোফাইলে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু মানুষের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি, যাদের তুলনা করেছেন ‘মশা’র সঙ্গে।
ওমর সানী তাঁর পোস্টে লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি।’ গণমাধ্যমকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’
সরাসরি কারও নাম উল্লেখ না করলেও পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা আঙুল তুলেছেন অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরের দিকে। নেটিজেনদের ধারণা, সম্প্রতি মৌসুমীর অনুমতি ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছেন হাসান। সেই বিতর্ককে কেন্দ্র করেই ওমর সানী এই ক্ষোভ ঝেড়েছেন।

পোস্টের বিষয়ে জানতে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ৩ মে এক ভিডিও বার্তায় ওমর সানী জানান, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার অজুহাত দেখালে এটিকে টেলিফিল্ম বানানোর অনুমতি দেন অভিনেত্রী।
এই ঘটনায় মৌসুমী বিস্ময় প্রকাশ করে জানিয়েছিলেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তাঁর ক্যারিয়ারের জন্য অসম্মানজনক। পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কীভাবে এটি সেন্সর ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।