Dhaka Mail Logo

বিনোদন

শাকিব ইন্ডাস্ট্রিতে ভালো করছেন: রিয়াজ

বিনোদন প্রতিবেদক

২৬ জুলাই ২০২২, ১০:১১ এএম

শাকিব খানের অনুরাগীদের কাছে রিয়াজ অপ্রিয় এক নায়ক। মোটেই পছন্দ করেন না তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজকে ছোট করে নানারকম নেতিবাচক সমালোচনা করা হয়। ২০১৭ সালে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিরুদ্ধে আন্দোলনের সময় শাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন রিয়াজ। তখন থেকে শাকিব ভক্তদের ‘চোখের বিষ’ রিয়াজ।

সবশেষ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে মজা করেছিলেন রিয়াজ, নুসরাত ফারিয়া ও ফেরদৌস। তবে সব দায়টা পড়েছিল রিয়াজের ওপর।

অনেকের ধারণা, শাকিবের সঙ্গে রিয়াজের মনস্তাত্বিক দ্বন্দ্ব চলছে। ইন্ডাস্ট্রিতে কানাঘুষাও হয় এ নিয়ে। তবে রিয়াজ জানালেন এমন কিছুই নয়।

তিনি বলেন, ‘শাকিব ইন্ডাস্ট্রিতে ভালো করছেন। তিনি একা সিনেমা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে বহন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভালো ভালো সিনেমাতে অভিনয় করছেন। কলকাতাতেও কাজ করছেন। এগুলো ভালোলাগার মতো বিষয়।’

Shakib Khan

রিয়াজ আরও বলেন, ‘শাকিবে একটি জিনিস আমার ভালো লাগে না। তাকে নায়ক বানিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি। কলকাতার কেউ তাকে নায়ক বানাননি। সে হিসেবে তার কাছে সবার আগে নিজের দেশর কথা ভাবতে হবে। তিনি কলকাতার সিনেমার গুণকীর্তন করেন। সেখানকার সিনেমা এখানে মুক্তি দেয়ার পেছনে ভূমিকা পালন করেছেন। এসব আমার কাছে ভালো লাগে না।’

রিয়াজ এখন চলচ্চিত্রে অনিয়মিত। ‘অপারেশন সুন্দরবন’ ও ‘রেডিও’ শিরোনামের দুটি চলচ্চিত্র মুক্তির তালিকায় আছে। এ ছাড়া মাঝে মাঝে নাটক ও বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায় তাকে। উপস্থাপনাও করেন।

অন্যদিকে শাকিব খান সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘রাজকুমার’ শিরোনামের একটি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে হবে এটির শুটিং। থাকছেন সেখানকার নায়িকা। এর বাইরে ‘মায়া’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদানও পেয়েছেন ঢালিউড ভাইজান। সবমিলিয় শাকিবের দম ফেলানোর ফুসরত নেই।

আরএসও