বিনোদন ডেস্ক
১২ মে ২০২৬, ১১:০২ এএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দক্ষিণী সুপারস্টার এবং তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এক ভাষণে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি দারিদ্র্য ও ক্ষুধার কষ্ট বোঝেন। তবে বিজয়ের এ দাবি মিথ্যা বলে জানিয়েছেন তাঁর স্কুল জীবনের সহপাঠী এবং জনপ্রিয় নেটফ্লিক্স শো ‘ডিকাপলড’-এর নির্মাতা মনু জোসেফ।
সোমবার (১১ মে) সামাজিক মাধ্যম এক পোস্টে তিনি লেখেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে বিজয় বলেছেন ‘তিনি দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন এবং তিনি জানেন ক্ষুধা কী’। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ তিনি লয়োলা স্কুলে তৃতীয় শ্রেণিতে আমার সহপাঠী ছিলেন।”

মনু আরও বলেন, ‘তাঁর বাবা প্রখ্যাত একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি বিজয়কে শোবিজে ক্যারিয়ার গড়ার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা হতে পারে, অন্য সব নির্মাতাদের মতো তাঁর বাবারও মাঝেমধ্যে আর্থিক টানাপোড়েন ছিল। কিন্তু সেটা কোনোভাবেই তামিলনাড়ুর চরম দারিদ্র্য পর্যায় পড়ে না। অনেক সচ্ছল ঘরের ছেলে অর্থনৈতিক টানাপোড়েন আর দারিদ্র্যকে গুলিয়ে ফেলে। এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।’
মনু জোসেফ পেশায় একজন সাংবাদিক ও লেখক। তাঁর বাবা জোসেফ মাডাপ্পালি ১৯৮৭ সালে মালয়ালম সিনেমা ‘তোরানাম’ পরিচালনা করেছিলেন। মনুর লেখা উপন্যাস ‘সিরিয়াস মেন’ অবলম্বনে নেটফ্লিক্সে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

শপথ গ্রহণের পর প্রথম ভাষণে বিজয় বলেছিলেন, ‘আমি জানি দারিদ্র্য কী এবং ক্ষুধা কী। আমার কোনো রাজকীয় বংশপরিচয় নেই। আমি আপনাদের মতোই একজন, আপনাদেরই একজন। আমি আপনাদের সন্তানে মতো, ভাইয়ের মতো। আমি একজন সাধারণ সহকারী চলচ্চিত্র পরিচালকের ছেলে, যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সিনেমায় সফল হওয়ার স্বপ্ন দেখেছিল।’
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, জনগণের টাকার একটি পয়সাও আমি স্পর্শ করব না। আপনারা ভালো করেই জানেন, বিজয় নিজে কোনো অপরাধে জড়াবে না। এবং অন্যকেও তা করতে দেবে না। আমার সরকারের কেউ যদি অপরাধী হয় তাঁকেও ছাড় দেব না।’
ভাষণে বিজয় তাঁর জয়কে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ হিসেবে উল্লেখ করেন।
ইএইচ/