images

বিনোদন

ঢালিউডে ই-টিকিটিং ও বক্স অফিস চালু করছে সরকার

বিনোদন ডেস্ক

০৯ মে ২০২৬, ১০:৫৪ এএম

দেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে এবং ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সিনেমা হলকে একটি কেন্দ্রীয় সার্ভারের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আধুনিকায়নের মাধ্যমে দেশজুড়ে ই-টিকিটিং ও বক্স অফিস ব্যবস্থা চালু করা হবে। 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এ মেগা প্রকল্পের জন্য প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে চলচ্চিত্র শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছ থেকে এ বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে। মন্ত্রণালয়ের ইতিবাচক আলোচনার পর এফডিসিকে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার আগেই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে পেশ করা হবে বলে জানান মাসুমা তানি।

প্রকল্পের ব্যয়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে নূন্যতম ব্যয়ের কথা বলা হয়েছে। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, তিনি প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন এবং প্রতিমন্ত্রী কাজটা ন্যূনতম অর্থ ব্যয়ে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। এফডিসি কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা মেনে প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করবে।

প্রস্তাবনা তৈরির আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে। এফডিসি কর্তৃপক্ষ সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে একাধিক মতবিনিময় সভা করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষ বক্স অফিস চালুর ব্যাপারে সমর্থন জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপি জমা হওয়ার পর তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় আলোচনা করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। কমিশন থেকে অনুমোদন মিললে দেশব্যাপী ই-টিকিটিং ও বক্স অফিস বাস্তবায়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে এফডিসি। 

ইএইচ/