বিনোদন ডেস্ক
০৮ মে ২০২৬, ০১:৫২ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুঞ্জনে সয়লাব সামাজিক মাধ্যম। বৃহস্পতিবার হঠাৎ করে এক পোস্টে দাবি করা হয়, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবরে অনুরাগীদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
তবে মৃত্যুর খবর চোখে পড়া মাত্রই লাগাম টেনেছেন এ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় শক্তি কাপুর বলেন, ‘সবাইকে হ্যালো। আমার মৃত্যুর খবরটি পুরোপুরি মিথ্যে। আমি বর্তমানে সুস্থ ও ভালো আছি। দয়া করে এমন বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলুন।’
কাজের নৈতিকতা নিয়ে আমি বাবার সঙ্গে আলোচনা করি: শ্রদ্ধা কাপুর
প্রেমের সম্পর্কের ইতি টানলেন শ্রদ্ধা কাপুর
মৃত্যু নিয়ে গুজব ছড়ানোয় তিনি গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা মিথ্যে তথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি খুব শিগগিরই সাইবার সেলে অভিযোগ দায়ের করবেন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ৭০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। আশি এবং নব্বইয়ের দশকে অভিনীত কমেডি ও খলচরিত্রগুলো তাঁকে এক অনন্য পরিচিতি এনে দিয়েছিল। বিশেষ করে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার আইকনিক ‘ক্রাইম মাস্টার গোগো’ চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।
ব্যক্তিগত জীবনে শ্রদ্ধা কাপুর এবং সিদ্ধান্ত কাপুরের বাবা শক্তি কাপুর। সম্প্রতি তিনি ‘হেরা ফেরি ৩’, ‘অ্যানিমেল ২’ এবং ‘ও রোমিও’-র মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে যুক্ত আছেন।
ইএইচ/