বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৬, ০৬:১৩ পিএম
আগামীকাল ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী । এ উপলক্ষে দুরন্ত টেলিভিশন করেছে বিশেষ আয়োজন।
রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত নাটক ‘তাসের দেশ’ দেখানো হবে। এতে অংশ নিয়েছে ছোট্ট বন্ধুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীতায়োজন করেছেন সোমা রায়। নাটকটি প্রচারিত হবে সকাল ৭টায়।
কবিগুরুর বিখ্যাত কিছু গান নিয়ে রয়েছে দুরন্ত আয়োজন ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গান গেয়েছে দুরন্ত’র বন্ধুরা, আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান আর বিদ্যাস্তুতি সিংহ। আয়োজনটি পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে আর বিকাল ৪টা ৩০ মিনিটে।
দুরন্ততে দেখা যাবে ‘রবির কিরণ’। বিশেষ এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠান পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে দুপুর ২টায় আর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এছাড়াও সকাল ৯টায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’এবং রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। ছবি দুটি নির্মাণ করেছেন যথাক্রমে সুমনা সিদ্দিকী ও লুসি তৃপ্তি গোমেজ।