বিনোদন প্রতিবেদক
০৬ মে ২০২৬, ০১:০২ পিএম
আজ ৬ মে দিবাগত রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ’পথের প্যাঁচাল’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। যেখানে উঠে এসেছে জীবনের কিছু খণ্ড চিত্র এবং সেই পথের কিছু অনিশ্চয়তা। দেখা গেছে শহরের ব্যস্ততা, তার মধ্যে কিছু মানুষের সংগ্রাম, আনন্দ ও বিষ্ময়ের দৃশ্য। ভিন্ন সামাজিক অবস্থানের দুই মানুষের মধ্যে মানবিক সম্পর্কের গল্পই হয়তো বলবে ’পথের প্যাঁচাল’– এমন ধারণাই দিয়েছে ট্রেলারটি।
বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি একজন অটোরিকশাচালক। চরিত্রটি নিম্নবিত্ত হলেও প্রতিভাবান যুবক হিসেবেই দেখানো হয়েছে। চরিত্রের জন্য বেশ কিছু সময় অটোরিকশা চালাতে হয়েছে তাকে। অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে ইয়াশ রোহান বলেন, ’অটোরিকশা চালানোর অভিজ্ঞতা দারুণ। ধানমন্ডিতে শুট করছিলাম এবং আমরা যখন এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাচ্ছিলাম, আমি অটোরিকশাটা কোনোভাবেই আসল চালকের হাতে দিচ্ছিলাম না, কারণ আমার এত মজা লাগছিল চালাতে যে আমি ধানমন্ডির এক জায়গা থেকে আরেক জায়গায় লোকেশন পরিবর্তনের সময় নিজেই চালিয়ে যাচ্ছিলাম।’

অটোরিকশা নিয়ে ইয়াশের গল্প এখানেই শেষ না। তিনি আরও বলেন, ’মজার একটা ব্যাপার হয়েছে শুটিংয়ের সময়। লালমাটিয়া থেকে বের হয়ে আমি ২৭ নম্বরের রোড ধরে সাত নম্বরের দিকে যাব, এরকম একটা সময় অটোরিকশাটা কোনোভাবেই ঘোরাতে পারছিলাম না এবং এর জন্য রাস্তায় জ্যাম লেগে যায়। এটা নিয়ে রাস্তার লোকজন আমার ওপর খুব বিরক্ত হয়। তারা বলতে থাকে– চালাইতে পারেন না, কেন চালাইতে আসছেন! – তো পুরো এক্সপেরিয়েন্সটা খুব মজার ছিল।’
উমা চরিত্রে অভিনয় করেছেন বন্নি হাসান। একজন আত্মপ্রত্যয়ী নবীন ঔপন্যাসিক। ট্রেলারে তাকে বায়েজিদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যেতে দেখা যায়। তাদের দুজনের মধ্যকার কথোপকথন ও সম্পর্কের রসায়ন ট্রেলারটির মূল আকর্ষণ।
_20260506_130227845.jpg)
গিয়াস উদ্দিন সেলিম বলেন, “জীবন মানেই এক দীর্ঘ পথ এবং এই পথে তৈরি হয় অসংখ্য গল্প। ‘পথের প্যাঁচাল’ -এ দুই শ্রেণির দুই মানুষের অনুভূতি ও সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে সম্পর্কের এক মানবিক রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে’ । তিনি আরও নিশ্চিত করেন যে, সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র সাথে এর নামের কিছুটা মিল থাকলেও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন । ’পথের প্যাঁচাল’–এ অভিনয় করেছেন মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রনব ঘোষ, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা।
শিপ্রা দেবনাথ– এর গল্পে ’পথের প্যাঁচাল’–এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অফ লাইফও বলা যেতে পারে। ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট। চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।
আরআর